স্ক্র্যাপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান হোসেন নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক মো. কামাল হোসেন ও কর্মচারী মো. হেলাল।
শনিবার (২ মে) দুপুর আড়াইটার দিকে কুমিরা মাজার গেট এলাকায় ইসমাইল আয়রন মাট নামের স্ক্র্যাপের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কুমিরার ওই স্ক্র্যাপের দোকানে লোহা কাটার জন্য নসিমন করে ৮টি গ্যাসের সিলিন্ডার আনা হয়। বোতলগুলো নিচে নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিনশেড দোকানের উপরের অংশ উড়ে যায়। এতে নসিমন চালাক আরমান হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। দোকানের মালিক ও কর্মচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
যোগাযোগ করা হলে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। এর আগেই নিহত ও আহতদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে মহাসড়কের দুই পাশে শতাধিক অবৈধ স্ক্র্যাপের দোকান রয়েছে। যেগুলোর একটিরও ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নেই। যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে।
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজন চিকিৎসাধীন।
এসএমই/আলোকিত চট্টগ্রাম


