রাউজানে পাখি আকতার (৫৩) নামে এক নারীর মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া গ্রামের সেমিপাকা ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে প্যাঁচানো অবস্থায় পাখির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পাখি আকতার ওই গ্রামের খলিফার বাড়ির মু. বাহাদুরের স্ত্রী। তিনি দুই ছেলে এবং দুই মেয়ের মা।
পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে ওই নারী স্বামীসহ একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোর পাঁচটার দিকে স্বামী বাহাদুর ঘুম থেকে উঠে ঘরের মাঝখানের একটি খোলা কক্ষে ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দিলে সকাল ১০টার দিকে স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ বলছে, পরিবারের কাছ থেকে খবর পেয়ে ওই নারীকে তারা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে ওই নারীর পা মেঝে থেকে ৬ থেকে ৭ ইঞ্চি ফাঁকা ছিল।
স্বামী বাহাদুর জানান, পাখি ৭ থেকে ৮টি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। মাসে তাকে ১৮ থেকে ২০ হাজার টাকা ঋণ শোধ করতে হতো। ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
যোগাযোগ করা হলে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মু. সাইফুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নতদন্ত রিপোর্ট পওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


