হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।
জানা যায়, পশ্চিম ধলই এলাকায় মনিয়া পুকুর পাড়-সংলগ্ন এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন প্রায় ২০ শতক জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান চালায় এবং অবৈধ স্থাপনা ভেঙে দেয়। এতে সরকারি প্রায় আড়াই কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার হয়েছে। এছাড়া অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং হাটহাজারী মডেল থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


