আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০ লিটার তেল পাঠাল কে?

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর চালানোর জন্য পাঠানো ২০০ লিটার তেল ঘিরে দেখা দিয়েছে রহস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে— আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে এই ২০০ লিটার তেল পাঠানো হয়েছে। তবে সাবেক মন্ত্রী কিংবা তাঁর কোনো প্রতিনিধির কাছ থেকে কোনো তেল গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মাহতাব উদ্দিন চৌধুরী।

বিষয়টি জানতে চাইলে টিএইচও ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আলোকিত চট্টগ্রামকে বলেন, ওনি (সাবেক ভূমিমন্ত্রী) কোনো তেল দেননি। ওনি কিংবা ওনার কোনো প্রতিনিধির সঙ্গে আমার কোনো কথাও হয়নি।

টিএইচও আরও বলেন, বর্তমান সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংকটের বিষয়টি জানতে পেরে জেনারেটরের জন্য তেল দেওয়ার উদ্যোগ নেন। তিনি নিজের ফান্ড থেকে কিছু তেল ব্যক্তিগত সহকারী আকতার নবী চৌধুরীর মাধ্যমে দেওয়ার কথা জানান। পরে আকতার নবী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে কিছু তেল পাঠিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০০ লিটার তেলের বিষয়ে জানতে চাইলে ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ফেসবুকে যে তেলের কথা দেখছি, এগুলো কে দিয়েছে আমরা জানি না। একটি ভ্যানে করে ড্রামজাত তেল এনে রেখে যাওয়া হয়েছিল। কে পাঠিয়েছে, কীভাবে পাঠিয়েছে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানানো হয়নি। আমরা ওই তেল রিসিভও করিনি।

তিনি বলেন, সরকারি অফিসে কোনো সামগ্রী গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। পরিচয় ও উৎস নিশ্চিত না হয়ে অজ্ঞাত কোনো ব্যক্তির কাছ থেকে তেল গ্রহণ করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমরা কারো কাছ থেকে কোনো তেল রিসিভ করিনি। শুধু এমপি মহোদয় যে তেল পাঠিয়েছেন, সেটিই আমরা রিসিভ করেছি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ভূমিমন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০ লিটার তেল দেওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে কৌতুহল সৃষ্টি হয়। এই তেল কার পক্ষ থেকে পাঠানো হয়েছিল, কার নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো হয়েছিল এবং কেন তা গ্রহণ করা হয়নি— এসব প্রশ্নই ঘুরছে স্থানীয়দের মধ্যে।

জানা যায়, গত কয়েকদিন ধরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘন ঘন লোডশেডিং হওয়ায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকলে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছায়। এ নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। এরই মধ্যে জেনারেটর চালানোর জন্য ২০০ লিটার তেল দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm