রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি, মজুদ ও বাড়তি দামে বিক্রির অভিযোগের অভিযান চালানো হয়েছে। অভিযানে ৯০ বস্তা সার জব্দের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের ফকিরহাট আরফান সিকদারের দোকানে এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম।
অভিযানে ৫৯ বস্তা টিএসপি সার, ১০ বস্তা ডিএপি সার এবং ২১ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, এনএসআই কর্মকর্তা টিবলু বড়ুয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
যোগাযোগ করা হলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অনুমোদন ছাড়া সার বিক্রি, মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা সার জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, এখন চাষাবাদের ভরা মৌসুম চলছে। এই অবস্থায় কিছু কিছু ডিলার নামধারী ব্যক্তি সার মজুত করেছে এবং অতিরিক্ত দামে বিক্রি করছে। এই অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের বাঁচাতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


