সাতকানিয়ায় পুকুরে ডুবে মরল ৩ শিশু

সাতকানিয়ায় একই দিনে পুকুরে ডুবে মারা গেছে তিন শিশু!

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২ টার মধ্যে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো—  উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীপাড়ার মন্নান সওদাগর বাড়ি এলাকার অটোরিকশা চালক মো. জামাল উদ্দিনের ছেলে মো. আজাহারী (৯), পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর আইয়ুব মৌলভীর বাড়ির জিয়াবুল হকের মেয়ে উম্মে মানহা (৭) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক মো. ফারুকের মেয়ে মোছা. আলিফা আকতার (২)।

জানা যায়, খালার বিয়ে উপলক্ষে রোববার (১৩ সেপ্টেম্বর) ইছামতি আলীনগর বেড়াতে আসে আজাহারী। সোমবার দুপুর ২টার দিকে বাড়ির উঠানে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসা অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল আজাহারী ও মানহা। একপর্যায়ে তারা সবার অগোচরে উঠানের সামনে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। দুপুরে আজাহারীর নানা মো. ইসহাক ওই পুকুরে গোসল করতে নামলে মানহাকে পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর অনেক খোঁজাখুঁজি করে একই পুকুরের তলদেশ থেকে আজাহারীকে উদ্ধার করা হয়। কেরানীহাটের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত আলিফার চাচা মো. তারেক হোসেন সওদাগর বলেন, আমার ভাতিজি সোমবার বেলা ১২টার দিকে একটি পানির গ্লাস নিয়ে বাড়ির সামনে উঠানে খেলছিল। একপর্যায়ে বাড়ির উঠানের সামনে থাকা পুকুরে তার হাতে থাকা গ্লাসটি পড়ে যায়। পরে আলিফা পুকুর থেকে গ্লাসটি তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার কামাল।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm