বন্যাকবলিত বন্ধুকে দেখতে গিয়ে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ফার্মেসি ব্যবসায়ী বন্ধু। কিন্তু কে জানত এই যাওয়াটাই তার শেষ যাওয়া। বন্যায় বন্ধুর খোঁজ নিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) নামের ওই ব্যবসায়ী।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ টৈটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোকতার আহমদের ছেলে। ‎পেকুয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় তার একটি ফার্মেসি ছিল।

জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক বন্ধুর খোঁজ-খবর নিতে মঙ্গলবার রাতে পেকুয়া বাজার থেকে মোটরসাইকেলে নন্দীরপাড়া যাচ্ছিলেন মানিক। সিকদারপাড়া এলাকায় পৌঁছালে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান। এ সময় নাহিদসহ আরও একজন মোটরসাইকেল আরেহী আহত হন।

এদিকে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে। এরপর নাহিদকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

জানতে চাইলে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠিয়ে দিই। তার নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।

যোগাযোগ করা হলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। দুর্ঘঘনাকবলিত মোটারসাইকেলটি জব্দ করা হয়েছে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm