রথযাত্রা ঘিরে গোলপাহাড় মন্দির কমিটির সঙ্গে ওসি নূরের মতবিনিময়

নির্বিঘ্নে করার আশা কমিটির, কড়া নজরদারি থাকবে পুলিশের

আসছে রথযাত্রা। এ উপলক্ষে কোতোয়ালী থানা পুলিশের সঙ্গে মতবিনিময় করেছেন গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি ও মন্দির পরিচালনা পরিষদ নেতারা। এ সময় রথযাত্রায় নিরাপত্তা, ভক্তদের সুরক্ষা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বেশকিছু উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় কোতোয়ালী থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।

এতে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর। এ সময় গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি ও মন্দির পরিচালনা পরিষদ সভাপতি দোদুল দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ বিশুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ১৬ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টায় যাত্রা শুরু হওয়া রথযাত্রা নগরের মেহেদীবাগ, কাজীর দেউরী, জামাল খান, চেরাগী পাহাড় মোড়, সার্সন রোড হয়ে গুয়াছিবাগানে গিয়ে শেষ হবে। রথযাত্রায় ৫ হাজারের বেশি ভক্তের সমাগম হবে বলে আশা মন্দির কমিটির।

এ সময় বক্তব্য রাখেন, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ বিশু।

মন্দির পরিচালনা পরিষদের নেতারা বলেন, প্রতিবছরের মতো এবারও তারা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই রথযাত্রা সম্পন্ন করতে চান। দূর-দূরান্ত থেকে ভক্তরা অংশ নেবেন, তাই সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিএমপি বেশ কিছু নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো আয়োজনজুড়ে পুলিশ সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm