মিরসরাইয়ে দিনদুপুরে হামিদা সুলতানা নামে এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে! ভুক্তভোগী ওই শিক্ষক খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বুধবার (১৫ জুলাই) সকালে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে অবস্থিত জসিম উদ্দিনের ভবনে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ঘরে ঢুকে ড্রয়ারের তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
শিক্ষক হামিদা সুলতানা বলেন, সকালে মেয়েকে বাসায় রেখে স্কুলে যাই। সকাল সাড়ে ৯টার দিকে মেয়েও স্কুলে চলে যায়। দুপুরে স্কুল থেকে ফিরে এসে দেখি ঘরের তালা ভাঙা। ঘরের ভেতর গিয়ে দেখি জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরের দল ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে।
তিনি আরো বলেন, অনেক কষ্টে অল্প অল্প করে স্বর্ণালঙ্কার জমিয়েছি। আমার সব স্বর্ণালঙ্কার এভাবে চুরি হয়ে যাবে চিন্তাও করিনি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, স্কুলশিক্ষকের বাসায় চুরির খবর পেয়েছি। পুলিশের একটি টিম বিষয়টি তদন্ত করছে। এখনো কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএ/আলোকিত চট্টগ্রাম


