বাংলাদেশে আসছেন জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের দক্ষিণ এশিয়ার ডিপ্লোমেটিক পরিচালক গোলাম সরোয়ার খান। বাংলাদেশি এই বংশোদ্ভূত ১৬ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৫টায় ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
গোলাম সরোয়ার খান আজ (১৪ জুলাই) জাতিসংঘ আয়োজিত মানবাধিকার বিষয়ক সেমিনারে যোগ দিতে ডেনমার্কের কোপেনহেগেন থেকে সুইজারল্যান্ড যান।
এদিকে ১৬ জুলাই গোলাম সরোয়ার খানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর ও সাউদার্ন ইউনিভার্সির্টির ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমান, আন্তর্জাতিক পরিচালক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশের কূটনৈতিক পরিচালক প্রফেসর ড. এম এ গফুর, প্রফেসর ড. এম ইদ্রিস আলী, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আইন সহায়তা সেলের প্রধান আইনজ্ঞ মো. আব্দুল মোমেন চৌধুরী, পরিচালক মঈনউদ্দীন আহমেদ, তাহেরা শারমিন এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না।
গোলাম সরোয়ার খান ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন। তিনি আগামী ১৯ জুলাই থেকে চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা প্রদান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ মীর মুগ্ধসহ সারাদেশের শহীদ—আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা পঙ্গু হয়ে গেছেন তাদের সঙ্গেও তিনি দেখা করবেন।
৭ দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন গোলাম সরোয়ার খান। দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ করে তিনি জাতিসংঘে পেশ করবেন। তাছাড়া বাংলাদেশে মানবাধিকার বিষয়ক কয়েকটি কর্মশালা ও সেমিনার এবং সামাজিক অনুষ্ঠানেও যোগ দিবেন তিনি।
উল্লেখ্য, গোলাম সরোয়ার খান চট্টগ্রামের আনোয়ারার ঐতিহ্যবাহী পরিবার মরহুম সরফরাস খানের ছেলে।
আলোকিত চট্টগ্রাম


