লোহাগাড়ায় হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭ দোকান।
শনিবার (১১ জুলাই) ভোরে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— শামসুল আলমের সারের দোকান, আবু তাহেরের ডেকোরেশন ও লেপ-তোশকের দোকান, নাজিম উদ্দিনের লেপ-তোশকের দোকান ও কারখানা, জসিম উদ্দিনের ইলেকট্রনিকসের দোকান এবং রতন কর্মকারের কামারের দোকান।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি দোকানে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারের মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে আগুন নেভানোর আহ্বান জানানো হয়। স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামসুল আলম জানান, দোকানে থাকা সার, মালামাল ও নগদ টাকাসহ সবকিছু আগুনে পুড়ে গেছে।
ব্যবসায়ী আবু তাহের জানান, তাঁর ডেকোরেশনসামগ্রী ও লেপ-তোশকের মালামাল পুড়ে ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
যোগাযোগ করা হলে লোহাগাড়া ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাবে।
এদিকে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতারা।
এসএস/আলোকিত চট্টগ্রাম


