দেশে ডেঙ্গু আক্রান্ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্টেই মারা গেছে ৩১ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে’তে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৮১ জন। এছাড়া খুলনায় ২১৫ জন, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০৭, ময়মনসিংহে ৭১ এবং রাজশাহী বিভাগে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আলোকিত চট্টগ্রাম


