ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হেঁটে বাড়ি ফিরছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক (৬৬)। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
রোববার (২৩ আগস্ট) ভোরে মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন খালেক। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আব্দুল খালেকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে এবং দুর্ঘটনা জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


