এক দিনেই ডেঙ্গু কেড়ে নিয়েছে ৫ প্রাণ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন। এর মধ্যে শুধু চট্টগ্রামেরই আছে শত রোগী! চলতি বছরে একই দিনে এটিই সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্টেই মারা গেছেন ২৮ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে’তে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেন ৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৮৯৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তিতে সেঞ্চুরি করেছে চট্টগ্রাম। এদিন ১০০ ডেঙ্গু আক্রান্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৮৭ জন। এছাড়া খুলনায় ১৫৯ জন, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৭৯ এবং রাজশাহীতে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আলোকিত চট্টগ্রাম


