জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক শৃঙ্খলায় ‘সিউল মডেলে’ মুগ্ধ চউক চেয়ারম্যান, চট্টগ্রামে বাস্তবায়নের পরিকল্পনা
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আধুনিক জলাবদ্ধতা নিরসন প্রযুক্তি, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীলতায় মুগ্ধ হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরকালে দেশটির অবকাঠামোগত উন্নয়ন সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বন্দরনগরী চট্টগ্রামের ভৌগোলিক বাস্তবতায় একই ধরনের আধুনিক ও জনবান্ধব মডেল বাস্তবায়নের পরিকল্পনা করছে চউক।
জলাবদ্ধতা নিরসনে সিউলের প্রযুক্তি ও চট্টগ্রামের ভাবনা
সিউল সফরকালে চউক চেয়ারম্যান অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা মোকাবিলায় মাটির ৪০ থেকে ৫০ মিটার গভীরে নির্মিত বিশাল ভূগর্ভস্থ বৃষ্টির পানি ধারণক্ষম টানেল এবং সড়ক ও ফুটপাতে ব্যবহৃত পানি শোষণক্ষম ব্লকের (Permeable Pavement) কারিগরি দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এই অভিজ্ঞতার আলোকে চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে ভূগর্ভস্থ বৃষ্টির পানি ধারণক্ষম রিজার্ভার নির্মাণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। পাশাপাশি চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পে পাহাড়ি ঢলের বালি আটকাতে বিদ্যমান ‘সিল্ট ট্র্যাপ’-এর ব্যবহার বৃদ্ধি ও আধুনিকায়ন এবং নতুন সড়ক ও ফুটপাতে পানি শোষণক্ষম ব্লক ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
হর্নমুক্ত সড়ক ও ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা
সফরের অভিজ্ঞতা বর্ণনায় সিউলের নাগরিক শৃঙ্খলার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি জানান, সিউলের রাজপথে লাখ লাখ গাড়ি চললেও কোথাও অযাচিত হর্নের শব্দ নেই। প্রতিটি চালক ও পথচারী ট্রাফিক সিগন্যাল এবং নির্ধারিত লেন কঠোরভাবে মেনে চলেন। ডিজিটাল প্রযুক্তিনির্ভর ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (ITMS) এবং নাগরিকদের এই মানসিকতা তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
চট্টগ্রামে চউকের নির্মিত নতুন সড়ক, ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলোতে আধুনিক ডিজিটাল সিগন্যালিং, সুনির্দিষ্ট লেন ব্যবস্থা এবং হর্নমুক্ত পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
যানজট কমাতে ‘স্মার্ট পার্কিং’ টাওয়ার
সড়কে যানজট না থাকার অন্যতম কারণ হিসেবে সিউলের স্মার্ট পার্কিং ব্যবস্থাপনাকে চিহ্নিত করেছেন চউক চেয়ারম্যান। সিউলের রাস্তায় কোনো গাড়ি পার্কিং করা হয় না; প্রতিটি বহুতল ভবনের নিচে ‘আন্ডারগ্রাউন্ড পার্কিং’ এবং বাণিজ্যিক এলাকায় স্বল্প জায়গায় অধিক গাড়ি রাখার জন্য ‘মাল্টি-লেভেল অটোমেটেড পার্কিং টাওয়ার’ রয়েছে।
এর আদলে চট্টগ্রামের জিইসি, আগ্রাবাদ ও নিউমার্কেটের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় রাস্তার ওপর পার্কিং বন্ধ করতে সরকারি জায়গায় স্টিল স্ট্রাকচার বা অটোমেটেড পার্কিং টাওয়ার নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে চউক। এছাড়া নতুন ভবন অনুমোদনের ক্ষেত্রে বেজমেন্ট পার্কিং নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার করে পরিকল্পিত আবাসন ও সবুজায়নের মডেলটিও চউকের ভবিষ্যৎ প্রকল্পগুলোতে যুক্ত করার ভাবনা রয়েছে।
দ্রুতই শুরু হবে কর্মপরিকল্পনা
সফর প্রসঙ্গে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, দক্ষিণ কোরিয়ার উন্নয়নের মূল চালিকাশক্তি হলো তাদের সুদূরপ্রসারী কারিগরি পরিকল্পনা এবং আইনের প্রতি নাগরিকদের শ্রদ্ধাশীলতা। সিউলের জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার পরীক্ষিত মডেলগুলো চট্টগ্রামের বাস্তবতায় কীভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে দ্রুতই বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
আলোকিত চট্টগ্রাম
