যেভাবে মা-বাবাকে খুন করে রমিরাজ

আনোয়ারায় মা-বাবাকে খুনের রহস্য উদঘাটন হয়েছে। ঘাতক ছেলে রমিরাজ দাশকে (৩১) গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে জোড়া খুনে ব্যবহৃত কাঁচিটিও।

রোববার (২৬ জুলাই) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আনোয়ারা থানা পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে রমিজাজের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে সে ঘরে থাকা কাঁচি দিয়ে প্রথমে তার মা কল্পনা দাশ গুপ্তকে এলোপাতাড়ি আঘাত করে। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও একই কাঁচি দিয়ে গলা ও পেটে আঘাত করে।

ঘটনাস্থলেই মা মারা যান। গুরুতর আহত বাবাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক ছেলে নিজ কক্ষে অবস্থান করছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে খুুনের কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় নিহত স্বপন দাশ গুপ্তের ভাই তপন দাশ গুপ্ত (৫৭) আনোয়ারা থানায় লিখিত এজাহার দেওয়ার পর ঘাতক ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm