কক্সবাজারের পেকুয়ায় ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মারা গেছেন নুরুন নাহার (৬০) নামে এক নারী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুন নাহার পেকুয়া পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকার আমিনুল হকের স্ত্রী।
নিহতের পারিবারক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভুলবশত ওষুধ ভেবে নুরুন নাহার ইঁদুর মারার একটি ট্যাবলেট খেয়ে ফেলেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তৎক্ষণাৎ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। তবে চমেক হাসপাতাল নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম


