মিরসরাইয়ে অটোরিকশা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে ঠিকাদার লাশ

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় মো. হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা থেকে নেমে হোসেন ভাড়া দিচ্ছিলেন। এ সময় পেছন থেকে হঠাৎ দ্রুতগতির কাভার্ডভ্যানটি (চট্ট মেট্টো-ট-১১-২২৩৬) অটোরিকশাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় অটোরিকশা চালক সাইফুলও আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা সদরে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত চালক সাইফুল বলেন, অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখ সিপি মোড়ে যাত্রী নামিয়ে ভাড়া নেওয়ার পর গাড়ি স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান আমার গাড়িকে চাপা দেয়। এতে যাত্রী হোসেন গুরুতর আহত হন। আমিও আহত হই। আমি চিকিৎসা নিয়ে বাড়িতে আছি। এ ঘটনায় আমার অটোরিকশার ক্ষতি হয়েছে।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুর নবী রাহাত বলেন, আহত হোসেনের অবস্থা ক্রিটিক্যাল ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে রেফার করে দিয়েছি।

এদিকে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, ঘটনাটি জোরারগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। কাভার্ডভ্যানসহ চালক শাহীন আলমকে (৩২) আটক করা হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm