নানার বাড়ি থেকে আর ফিরবে না সায়েম—আফিফা

চার বছরের সায়েম, আর ৬ বছরের আফিফা। সম্পর্কে দুজন ভাই-বোন। মায়ের সঙ্গে তারা বেড়াতে গিয়েছিল নানার বাড়ি। কিন্তু সেখান থেকে আর নিজের ঘরে ফেরা হবে না তাদের! কারণ সাতকানিয়ায় নানার বাড়ির পাশে সাঙ্গু নদীতে ডুবে মারা গেছে এই দুই শিশু!

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ভাঙ্গামুখ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু সায়েম ও আফিফা উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বডলু মাহবুব মেম্বার বাড়ির তক্তার মসজিদ এলাকার মো. বেলাল উদ্দিনের সন্তান।

দুই শিশুর মামা দিদারুল আলম বলেন, কয়েকদিন আগে সায়েম ও আফিফাকে নিয়ে আমার বোন আমাদের বাড়ি বেড়াতে আসে। আমাদের ঘর সাঙ্গু নদীর তীরবর্তী। সোমবার সকাল ১০টার দিকে পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে সাঙ্গু নদীর তীরে খেলতে যায় আমার ভাগনে-ভাগনি। খেলার এক পর্যায়ে তারা নদীতে ডুবে যায়। পরে ওই শিশুরা এসে খবর দিলে আমাদের ঘরের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে দৌড়ে যান। এ সময় ভাগনে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আর ভাগনিকে নদীতে ডুব দিয়ে পানির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

যোগাযোগ করা হলে আমিলাইষ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার আসরের নামাজের পর দুই শিশুর লাশ তক্তার মসজিদ এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm