মিরসরাইয়ে হঠাৎ আগুনে ঘর হারাল ৪ ভাই

মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনে ছাই হয়ে গেছে চার ভাইয়ের বসতঘর। এখন তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের আব্দুস সালাম সওদাগর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ ভাই হলেন—মজিবুল হক, আলাউদ্দিন, নাছির উদ্দিন ও জয়নাল। তাদের দাবি, আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও ততক্ষণে চার ভাইয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পাশের বসতঘরগুলো রক্ষা করেন।

জানতে চাইরে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চার ভাইয়ের পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া একটি পরিবারের আংশিক পুড়ে যায়।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm