এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির চাপে বিয়ের দুমাসে আত্মহনন করেছেন বরকত হোসেন (২৮) নামে এক যুবক।
শুক্রবার (৭ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ।
বরকত হোসেন ওই এলাকার মৃত হোসেন আহমেদের ছোট ছেলে এবং পেশায় রিকশাচালক ছিলেন। দুমাস আগে বাঁশখালী উপজেলার এক তরুণীকে সামাজিকভাবে বিয়ে করেন তিনি।
আরও পড়ুন :এনজিওর কিস্তির টাকা দিতে গিয়ে ফিরল না অন্তঃসত্ত্বা নারী
পরিবারের বরাতে পাশের এলাকার ইউপি সদস্য মো. আজাদ জানান, বরকত বিয়ের সময় উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণের কিস্তি পরিশোধে অসুবিধায় পড়েন তিনি। এর আগেও তিনি আত্মহননের চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এ বিষয়ে উদ্দীপন কর্ণফুলী শাখার ম্যানেজার নুরুল আমিন বলেন, আমি কর্ণফুলীতে নতুন যোগদান করেছি। এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি বা শুনিনি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।
যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ওসি মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় বরকতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেজে/আলোকিত চট্টগ্রাম


