বাঁশখালীতে বজ্রপাতে পারভীন আক্তার (৩৩) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১১টার দিকে গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
পারভীন আক্তার রিকশাচালক আকবর আলীর স্ত্রী এবং একই গ্রামের আবুল হোসেনের মেয়ে। পারভীনের ৩ মেয়ে সন্তান রয়েছে। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আরও পড়ুন : অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়া স্বামীর যাবজ্জীবন জেল
নিহতের বাবা আবুল হোসেন বলেন, বাড়ির পাশে একটি এনজিওর অফিস আছে। সেখান থেকে কিছু টাকা পারভীন ঋণ নিয়েছিল। আজ সকাল ১১ টার দিকে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয় সে। এসময় ঘটনাস্থলে তার শরীর জ্বলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাম্বল এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গণ্ডামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওসমান গণি আলোকিত চট্টগ্রামকে বলেন, বজ্রপাতে নারীর মৃত্যুর খবর বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারকে জানানো হয়েছে। তিনি নিহতের পরিবারকে সরকারিভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন। লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ইউবি/আরবি


