কক্সবাজারের চকরিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে পৃথিবীকে বিদায় জানিয়েছেন মো. সোহেল (৪৫) নামে এক যুবক। সহকর্মীরা বলছেন, অনলাইন প্রতারকচক্রের ফাঁদে পড়ে অনেক টাকা খুইয়েছেন সোহেল। টাকা হারানোর যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তার এ আত্মহনন।
রোববার (১৭ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকা থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোহেলের বাড়ি কুমিল্লায়। তিনি দীর্ঘ ১৫-২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। এরপর তিনি চট্টগ্রাম নগরে ফেরি করে জিনিস বিক্রি করেন।
আরও পড়ুন : প্রতারণার নয়া ফাঁদ—ক্লিক করলেই টাকা, পরে সর্বহারা
সোহেলের সহকর্মীরা জানায়, কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারকচক্রের ফাঁদে পড়ে বেশকিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। রোববার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, মরদেহ ময়ানাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এমকেডি/আরবি


