ভোটের উত্তাপ শুরু হতে না হতেই রক্তাক্ত হয়েছে চট্টগ্রাম। নগরের বায়েজিদে বিএনপির গণসংযোগে হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম—৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।
সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিহত যুবক যুবদল কর্মী সরোয়ার হোসেন প্রকাশ বাবলা। ঘটনার পর আহত তিনজনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের বায়েজিদ থানা চালতাতলীতে ধানের শীষে গণসংযোগ চলাকালে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বায়েজিদের চালতাতলীতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। হঠাৎ একদল সন্ত্রাসী সেখানে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন বাবলা।
তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করেনি পুলিশ। যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি।
এদিকে একাধিক সূত্র বলছে, দীর্ঘদিন জেলে ছিলেন বাবলা। বিগত সরকারের শেষদিকে তিনি জেল থেকে বেরিয়ে বিএনপি নেতা আসলাম চৌধুরীর হয়ে মাঠে কাজ করছিলেন।
এর আগেও হামলার শিকার হয়েছিলেন বাবলা। ঈদের আগের দিন অর্থাৎ চানরাতে সন্ত্রাসী ছোট সাজ্জাদ বাহিনী তার গাড়িকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। এতে দুইজন নিহত হলেও বেঁচে যান বাবলা।
আলোকিত চট্টগ্রাম


