কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভারতীয় এক নাগরিকও প্রাণ হারান।
দুর্ঘটনায় মারা যাওয়া পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন। আল শাহানিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রেখেছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে পাঁচ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রতিমন্ত্রী জানান, নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে।
আলোকিত চট্টগ্রাম
