অপহরণের পর ধর্ষণ—স্কুলছাত্রীকে মিরসরাই নিয়ে গিয়েছিল যুবক

সাতকানিয়ার নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) অপহরণ ও ধর্ষণের অভিযোগে টুটুল রায় (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওই স্কুলছাত্রীকে।

শুক্রবার (১৯ জুন) মিরসরাই উপজেলা থেকে অপহৃতা ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা জয়নুল আবেদীন বাদী হয়ে আজ (২০ জুন) সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ১নং চরতী ইউনিয়নের তালগাঁও গ্রামের জয়নুল আবেদীনের মেয়ে স্থানীয় ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। সে স্কুলে যাতায়াতের পথে পুকুরিয়া চা বাগান এলাকার মুদি দোকানের কর্মচারী টুটুল রায় তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে ছাত্রীর পরিবার টুটুলকে সতর্কও করে। গত ৯ জুন সকাল ৯টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তালগাঁও আজিজিয়া আশ্রাফুল উলূম মাদ্রাসার সামনের পাকা রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা টুটুল তার মুখ চেপে ধরে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে ভয় দেখিয়ে মিরসরাইয়ের একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে গত ৯ জুন থানায় জিডি করেন ছাত্রীর বাবা। গত গত ১৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় মিরসরাই থেকে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত টুটুলকে গ্রেপ্তার করা হয়।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, ভিকটিমের বাবার নিখোঁজ ডায়েরির সূত্র ধরে আমাদের টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। মিরসরাই এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ছাত্রীর বাবার লিখিত এজাহারটি আজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm