পটিয়ায় মাহফিলে শোহাদায়ে কারবালা ১৬ জুন শুরু

পটিয়ার আশিয়ায় মঙ্গলবার (১৬ জুন) থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ‘মাহফিলে শোহাদায়ে কারবালা’।

এ উপলক্ষে রোববার (১৪ জুন) রাতে আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে। এতে মাহফিল সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিলে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের নুরুল আমিন টিটু। এতে জানানো হয়, আগামী ১৬ থেকে ২৫ জুন পর্যন্ত প্রতিদিন মাগরিবের নামাজের পর মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পবিত্র কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান এবং মানবতার কল্যাণে হযরত ইমাম হোসাইন (রা.) ও তার সাথীদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ মাহফিলের মূল উদ্দেশ্য। বিগত ১৬ বছরের ধারাবাহিকতায় এবারও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবিদ, পীর-মাশায়েখ, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা মাহফিলে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশাল প্যান্ডেল নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম, পর্যাপ্ত আলোকসজ্জা, সুপেয় পানির ব্যবস্থা, মুসল্লিদের জন্য পৃথক বসার স্থান, নিরাপত্তা জোরদার, চিকিৎসা সহায়তা কেন্দ্র এবং যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এতে কয়েকশ স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু তালেব মঈনী, কো-চেয়ারম্যান আবুল কাশেম বয়ানী, আবদুল মান্নান, জয়নাল মেম্বার, পরিষদের মিডিয়া সচিব সাংবাদিক কাউছার আলম, উপদেষ্টা এম সাইফুদ্দিন, জসিম উদ্দিন, ফয়েজ আহমদ মেম্বার, আরিফ উদ্দিন বাবু, যুগ্ম মহাসচিব আবদুল মুবিন, মুহাম্মদ শরীফ, সাংগঠনিক সচিব শহিদুল ইসলাম ইবন, ধর্ম সম্পাদক মাওলানা আবদুর রহিম কাদেরী, নাছির উদ্দীন শুক্কুর, জিয়া উদ্দিন বাবলু ও টিপু সুলতান।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm