হত্যাকাণ্ডে জড়িতকে শনাক্ত করেছি, দ্রুত গ্রেপ্তার করা হবে : এসপি মাসুদ

আনোয়ারায় মা-মেয়ে খুন

আনোয়ারা নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে খুনের ঘটনায় জড়িতের বিষয়ে ধারণা করা হয়েছে। খুব দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।

রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকার ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

তিনি বলেন, ঘটনার পর থেকে আমরাসহ এএসপি আনোয়ারা এবং চট্টগ্রামের ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা যা জানতে পারলাম, নিহতদের পরিচিত কেউ রাতের বেলায় পেছনের দরজা দিয়ে প্রবেশ করে পরিকল্পিতভাবে এই নৃশংস ঘটনা ঘটায়। আমরা এখানে এসে যা বুঝলাম তা থেকে হত্যাকারী সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়েছে। আশা করি খুব দ্রুত তাকে ধরতে সক্ষম হবো। তারপরই ঘটনার মূল কারণ জানতে পারবো। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি আর্থিক লেনদেন-সংক্রান্ত কারণে এ ঘটনা ঘটেছে।

এর আগে এএসপি ঘটনাস্থল পরিদর্শনে আসছেন শুনে সেখানে ভিড় করতে শুরু করে প্রিয়ন্তী বড়ুয়ার সহপাঠীরা। এ সময় তারা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।

কান্নারত অবস্থায় সহপাঠী উম্মে ফাতিমা বলেন, প্রিয়ন্তী সবসময় হাসিখুশি থাকত। তার পরিবারের কোনো সমস্যার কথা আমাদের কখনো শেয়ার করেনি। কোরবানির সময় সে তাদের ঘরে গরুর মাংস আনতে বলেছিল। আমি আনতে পারিনি। এখন আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আমার বান্ধবীর খুনের বিচার চাই।

উল্লেখ্য, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে পরৈকোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকা থেকে প্রিয়ন্তী ও তার মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm