মধ্যরাতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন নৈশপ্রহরী!

মধ্যরাতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিয়েছেন এক নৈশপ্রহরী! এ ঘটনা ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারের।

আলোচিত ওই নৈশপ্রহরীর নাম মো. নুরুল আলম বাঁচা (৪৪)। তিনি নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের মাইজ্যা মিয়াজির বাড়ির মৃত কবির আহাম্মদের ছেলে। যিনি নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

জানা যায়, প্রতিদিনের মতো বুধবার (১০ জুন) রাত সোয়া ১২টার দিকে দায়িত্ব পালনের সময় নাজিরহাট বাজারের সোসাইটির মাঠের সামনে সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখেন নৈশপ্রহরী নুরুল আলম। ব্যাগটি তুলতেই তিনি সেখানে অনেক টাকা দেখতে পান। টাকাভর্তি ব্যাগটি তিনি পৌরসভার কার্যালয়ের একটি কক্ষে রেখে দেন। এরপর টাকার প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। জানতে পারেন টাকাটা নাজিরহাট বাজারের এম আর জুয়েলার্সের মালিক দুর্লভ ধরের। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত হন। পরে নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক, ব্যবসায়ী মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে ওই ব্যবসায়ীর টাকা ফেরত দেন নুরুল আলম।

নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক বলেন, টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়টি নুরুল আলম আমাকে জানান। পরে সবার উপস্থিতিতে টাকাগুলো এনে ওই ব্যবসায়ীর হাতে ফেরত দেওয়া হয়। পাশাপাশি ওই নৈশ প্রহরীকেও ব্যবসায়ীর মাধ্যমে বকশিশ দেওয়া হয়।

নৈশপ্রহরী মো. নুরুল আলম বাঁচা বলেন, পরিত্যক্ত ব্যাগটি দেখে আমি পৌর কার্যালয়ে নিরাপদ স্থানে নিয়ে আসি। এটি কারো হারানো টাকা বুঝতে পারি। এরপর পৌর কার্যালয়ের সহকর্মীদের বিষয়টি জানাই। রাত সাড়ে তিনটার দিকে সবার উপস্থিতিতে টাকাভর্তি ব্যাগটা মালিকের হাতে তুলে দিয়েছি।

এদিকে হারানো টাকা ফেরত পেয়ে উচ্ছ্বসিত ব্যবসায়ী দুর্লভ ধর আলোকিত চট্টগ্রামকে বলেন, গভীর রাতে টাকাগুলো হারিয়ে আমি দিশাহারা হয়ে পড়ি। এসব টাকা ব্যবসায়ী গ্রাহকের আমানত। বর্তমান সময়ে সততায় ভরা মানুষ খুবই বিরল। তিনি (নুরুল আলম) সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি সবার জন্য এক অনুকরণীয় ঘটনা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm