ভুয়া ফেসবুক আইডিতে সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার, ধরা খেল ছাত্রলীগ নেতা পলাশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক মো. খায়রুল আলম রফিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার করা পলাশ ধরা পড়েছে।

বুধবার (১১ জুন) রাতে শেরপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটের এসআই সোহানুর রহমান।

পলাশ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পলাশ দীর্ঘদিন ধরে একাধিক ভুয়া ফেসবুক আইডি দিয়ে সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। তাঁর এসব কর্মকাণ্ডের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে।

ডিএমপি ডিবির সাইবার ইউনিট সূত্রে জানা গেছে, সাইবার অপরাধ-সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর তথ্য-উপাত্ত ও ডিজিটাল আলামত বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে বুধবার রাতে শেরপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার পলাশের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তিনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছিলেন।

এর আগে একই ঘটনায় দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক মো. খায়রুল আলম রফিক রমনা থানায় একজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তে ডিজিটাল তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পলাশকে শনাক্ত করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ময়মনসিংহের কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, যারা অর্থের বিনিময়ে তাকে দিয়ে এসব অপপ্রচারমূলক কর্মকাণ্ড পরিচালনা করাতেন। তাদেরকে গ্রেপ্তারেও অভিযান চালানো হচ্ছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm