পটিয়ায় ডাকাতি আগেই অস্ত্র ও লেগুনা গাড়িসহ ধরা পড়েছে ৩ ডাকাত। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ১০-১২ জন ডাকাত পালিয়ে যায়।
শনিবার (৬ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা এলাকায় এ অভিযান চালানো হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, একদল সশস্ত্র ডাকাত লেগুনা গাড়িতে অবস্থান নিয়ে আশপাশের এলাকায় সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনা করছে বলে খবর পাওয়া যায়। তৎক্ষণাৎ পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক এবং ওসি (তদন্ত) যুযুসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে স্থানীয়দের সহায়তায় তিন ডাকাতকে আটক করা হয়। আটক ডাকাতরা হলেন— কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মো. মামুন (২৫) ও তৌহিদুল ইসলাম আরাফাত (২১) এবং বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার ইসকান্দর (৩২)। এ সময় পুলিশ তাদের ব্যবহৃত লেগুনা গাড়িটিতে তল্লাশি করে একটি সুইচ চাকু, একটি পুরাতন ধারালো অস্ত্র, একটি কাটার, একটি স্টিলের চাকু, একটি দা, একটি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে এলাকায় অপরিচিত লোকজনের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।
এ ঘটনায় আজ (৭ জুন) দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তিন ডাকাতকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পটিয়া থানা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেএ/আলোকিত চট্টগ্রাম
