যে কারণে চট্টগ্রামে দেড় ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ

চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। রোববার (৭ জুন) সকাল ৯ টায় মিরসরাইয়ে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় দুর্ঘটনার কারণেই এমন হয়েছে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, জোরারগঞ্জ দরবারর টিলা এলাকায় অবৈধ রেলক্রসিং দিয়ে সড়ক পার হওয়ার সময় একটি বালুভর্তি পিকআপ রেললাইনে আটকে পড়ে। ট্রেনটি কাছে চলে এলে চালক ও সহকারী গাড়ি থেকে দ্রুত নেমে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দোষী পিকআপ চালক। পিকআপটি যখন রেললাইনের মুখোমুখি আসছে চালককে বলেছিলাম ট্রেন আসছে। পিকআপ চালক কথা না শুনে গাড়ি রেললাইনের উপর তুলে দেন এবং আটকে যায়। চালকের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করি। ট্রেন জোরারগঞ্জ এলাকায় পৌঁছলে বিকট শব্দ হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কিছুদূর গিয়ে ট্রেনটি থামলে সবাই হুড়োহুড়ি করে নামতে থাকেন। তবে ট্রেনে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যোগাযোগ করা হলে চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবোঝাই পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ট্রেনের সঙ্গে পিকআপটি আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। পিকআপটি সরিয়ে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm