ফটিকছড়িতে হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জমির উদ্দিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা তোফায়েল আহমদের ছেলে।
জানা যায়, সর্তা বন বিটের অধীনে গহীন বনে বন্যপ্রাণী শিকারের একটি চক্র সক্রিয়। সেখানে হরিণের অভয়ারণ্য রয়েছে। চক্রটি বিভিন্ন সময় সেখানে হরিণ শিকার করে। শনিবারও চক্রটি হরিণ শিকারে ফাঁদ পেতে গুলি চালায়। কৃষক জমির উদ্দিন শিকারীদের গুলিতে আহত হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে খিরামের চৌমুহনী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, শিকারীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
যোগাযোগ করা হলে সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, সর্তা বিটের কিছু জায়গায় হরিণের বিচরণ রয়েছে। সেখানে গোপনে শিকারীরা মাঝে মাঝে হরিণ শিকার করে। একইভাবে আজ হরিণ শিকারে গিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হরিণ শিকারে গিয়ে গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
আলোকিত চট্টগ্রাম
