সাতকানিয়ায় পাহাড় ও কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় ৩ জনকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মাটি কাটার একটি এসকেভেটর (বেকু) এবং একটি ডাম্পার ট্রাকও উদ্ধার করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আটক তিন মাটি চোরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের কেবি-৩ নামক একটি ইটভাটা এলাকায় ওই মাটিখেকোদের আটক ও সাজা দেওয়ার ঘটনা ঘটে।
আটক রফিকুল ইসলামকে (৪৫) তিন মাসের সাজা এবং মো. কাইছার (২৫) ও মো. জমির উদ্দিনকে (৩০) দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার কেবি-৩ নামক একটি অবৈধ ইটভাটার মালিক দীর্ঘদিন ধরে দিনে ও রাতে ফসলি জমি ও সরকারি পাহাড় কেটে মাটি লুট করছিল। এতে ওই এলাকার পরিবেশ ও কৃষিখাত মারাত্মক হুমকির মুখে পড়ে। প্রশাসনকে বারবার জানিয়েও দীর্ঘদিন কোনো প্রতিকার না পেয়ে শুক্রবার রাতে ঐক্যবদ্ধ হন ক্ষুব্ধ এলাকাবাসী। এরপর মাটি কাটার স্থান ঘেরাও করে সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আসামিদের গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার ম্যানেজারসহ তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত এসকেভেটর ও ডাম্পার জব্দ করা হয়েছে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম
