লোহাগাড়ায় অস্ত্র, গুলি, ইয়াবাসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (১২ জুলাই) রাত ৮ টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি একনালা বন্দুক, ৩টি তাজা কার্তুজ, ৭০ পিস ইয়াবা ও ৩টি রামদা উদ্ধার করা হয়।
আটকরা হলেন— লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসমহল এলাকার মমতাজ মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (৩৮) এবং উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ (২৩)।
আরও পড়ুন : পেকুয়ায় দিনদুপুরে চিংড়ি ঘেরে অস্ত্র নিয়ে হামলা, ১০ লাখ টাকার ক্ষতি
জানা যায়, উপজেলার আধুনগর হাসমহল এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী হুমায়ুন কবিরকে ৭০ পিস ইয়াবাসহ আটক করে। এরপর উপজেলার বড়হাতিয়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য মো. আব্দুল্লাহকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে বড় হাতিয়া ৭ নম্বর ওয়ার্ডের একটি স মিলে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে ১টি একনালা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩টি রামদা উদ্ধার করে। পরে রাত পৌনে ১২টার দিকে আটকদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ (১৪ জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
