পেকুয়ায় দিনদুপুরে চিংড়ি ঘেরে অস্ত্র নিয়ে হামলা, ১০ লাখ টাকার ক্ষতি

কক্সবাজারের পেকুয়ায় প্রায় ১৬ একরের একটি চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। এদিকে বাঁধ কেটে দেওয়ায় ঘেরে থাকা প্রায় ১০ লাখ টাকার চিংড়ি পোনার ক্ষতির শঙ্কা করছেন ভুক্তভোগী মালিক।

রোববার (৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানায়, ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তের দল দেশি অস্ত্রসহ চিংড়ি ঘেরে হানা দেয় এবং চারটি স্থানের বাঁধ কেটে দেয়। এ সময় তারা ঘেরের মালিক ফজল করিমকে মারধরের চেষ্টা করে। দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে হামলাকারীদের প্রতিরোধ করে।

আরও পড়ুন : মহেশখালীতে রাতের আঁধারে চিংড়ি ঘেরে সন্ত্রাসীদের হানা—ইজারাদারকে গুলি করে খুন

চিংড়ি ঘেরের মালিক ফজল করিম জানান, তিনি চাঁদপুরের রফিকুল ইসলাম বীর উত্তমের (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী) মালিকানাধীন জমি এক বছরের জন্য ৯ লাখ টাকায় ইজারা নেন। এরপর সেখানে লবণ ও চিংড়ি চাষ করে আসছেন। দুমাস আগে তিনি প্রায় চার লাখ টাকার বাগদা চিংড়ির পোনা ছাড়েন। কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে এলাকার একটি প্রভাবশালী গোষ্ঠী ঘেরটি দখলের পাঁয়তারা শুরু করে।

ফজল করিম আরও জানান, আজ সকাল ১১টার দিকে নতুনঘোনা এলাকার মৃত নুরুল হকের ছেলে জমির উদ্দিন, তাঁর ছেলে গিয়াস উদ্দিন এবং বামলুরপাড়ার মৃত অলি মিয়ার ছেলে গিয়াস উদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের দুর্বৃত্ত অটোরিকশায় এসে ঘেরে হামলা চালান। হামলার নেতৃত্বে ছিলেন মহিউদ্দিন, জাফর আলমের ছেলে জাহাঙ্গীর আলম, রফিকের ছেলে সামশুদ্দীন। এ ঘটনা মুঠোফোনে ধারণ করার সময় একজনের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী কালু ও মোর্শেদ বলেন, ঘেরটি বৈধভাবে নেওয়া হয়েছে এবং সেখানে নিয়মিত চাষ চলছে। হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ঘেরটি দখলের চেষ্টা করে। স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা আলোকিত চট্টগ্রামকে বলেন, এখন পর্যন্ত চিংড়ি ঘেরে হামলার বিষয়ে কেউ জানাননি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm