চকরিয়ায় ভোক্তাবিরোধী বিভিন্ন অপরাধে দুই দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭জুলাই) দুপুরে উপজেলার পৌরশহরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আরিফুল ইসলামসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশ।
আরও পড়ুন : মিরসরাইয়ে ৪ দোকানির দণ্ড
জানা যায়, অভিযানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার অপরাধে একটি হোটেলকে ১৮ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখা ও বেশি দামে পণ্য বিক্রি করায় এক মুদি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশেনের অভিযোগ ছিল পৌরশহরের হোটেল-রেস্তেরাঁগুলোর বিরুদ্ধে। আজ অভিযান চালিয়ে একটি হোটেল ও একটি মুদি দোকানকে জরিমানা করে সতর্ক করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, আজকের অভিযানে দুটি দোকানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমকেডি/আরবি


