বাবা হারালেন সাংবাদিক আয়ান শর্মা, শোক—বিশেষ প্রার্থনা

বাবা হারিয়েছেন আলোকিত চট্টগ্রাম সম্পাদক ও প্রকাশক, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক এবং শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মা। তাঁর বাবা বিশিষ্ট হোমিও চিকিৎসক, শিক্ষক ও সমাজকর্মী বেনী মাধব শর্মা (৭৬) মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এদিন রাতেই তার শেষকৃত্যানুষ্ঠান নিজ বাড়ি হাটহাজারীর আমানবাজারে অনুষ্ঠিত হয়।

ডা. বেনী মাধব শর্মা দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার (২২ জুন) তাকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি পৃথিবী ছেড়ে যান।

প্রয়াত বেনী মাধব শর্মা প্রায় ১০ বছর হাটহাজারীর ফতেয়াবাদ ১ নম্বর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেন। এরপর তিনি ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়েও প্রায় ৮ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। পরে নব্বই দশকের শুরুর দিকে শিক্ষকতা ছেড়ে হাটহাজারীর আমানবাজার এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন।

আরও পড়ুন : সম্মাননা স্মারক পেলেন আয়ান শর্মা

এদিকে ডা. বেনী মাধব শর্মার মৃত্যু বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তার পরমাত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএনপি

ডা. বেনী মাধব শর্মার মৃত্যুকে গভীর শোকপ্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন। পরোপকারী এ চিকিৎসক ও শিক্ষকের মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

এলডিপি

ডা. বেনী মাধব শর্মার মৃত্যুকে গভীর শোকপ্রকাশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। সমাজহিতৈষী এ চিকিৎসক ও শিক্ষকের মৃত্যুতে এলডিপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান এলডিপির এ নেতা।

কক্সবাজারে বিশেষ প্রার্থনা

ডা. বেনী মাধব শর্মার আত্মার সদগতি কামনায় কক্সবাজারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার শহরের গোলদিঘির পাড়ে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরহিত বিশ্বনাথ বন্দোপ্যাধায়। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক বলরাম দাশ অনুপম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন কক্সবাজার শাখার সহসভাপতি ডা. চন্দন কান্তি দাশ ও সাধারণ সম্পাদক রাজীব কর্মকার, সহকারী পুরহিত প্রিয়তোষ কান্তি দেসহ ভক্তরা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm