টানা দুদিন পর করোনায় মৃত্যুশূন্য দিন পার করল চট্টগ্রাম। তবে থেমে নেই আক্রান্ত। প্রতিদিনই নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ১২ জন। তবে এদিন কারো মৃত্যু হয়নি। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।
মঙ্গলবার (২৪ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টার চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২৫১ নমুনা পরীক্ষায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে তিনজন, শেভরণ ল্যাবে ছয়জন, মেট্রোপলিটন হাসপাতালে দুজন ও পার্কভিউ হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১০ জন ও বিভিন্ন উপজেলার দুজন।
আরও পড়ুন : চট্টগ্রামে ‘ভয়ঙ্কর’ হচ্ছে করোনা, ফের জোড়া মৃত্যু
এদিকে চট্টগ্রামে মোট আক্রান্ত ৯০ জনের মধ্যে ৭৯ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা ও বাকি ১১ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে তিনজন নগরের এবং তিনজন বিভিন্ন উপজেলার।
প্রতিবেদনের তথ্যে জানা যায়, গত ২২ জুন করোনায় মারা যান কাজী আব্দুল আওয়াল (৮৫) ও রাবেয়া খাতুন (৯৫)। এর আগে গত ২১ জুন করোনায় মারা যাওয়া দুজনের একজন পটিয়া উপজেলার বাসিন্দা মো. ইরশাদ (১৪)। অন্যজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।
এর আগে ২০ জুন নগরের বাকলিয়ার বাসিন্দা ফজিলাতুন্নেছা (৭১) মারা যান। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনিহ। কোভিড আক্রান্ত হয়ে তিনদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এছাড়া গত ১৬ জুন করোনায় শফিউল ইসলাম (৭৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।
আরবি/আলোকিত চট্টগ্রাম


