চট্টগ্রামের হাটহাজারী থানার একটি হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বুড়ির নাতি সাজ্জাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার বলেন, গত বছরের ২৯ আগস্ট ডাবল মার্ডারের ঘটনায় হাটহাজারী থানায় করা মামলায় সাজ্জাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। মূলত মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতেই সাজ্জাদকে রিমান্ডে নেওয়া হয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রামে ফিল্মি স্টাইলে জোড়া খুন—রিমান্ডে সন্ত্রাসী সাজ্জাদ
রিমান্ডে নেওয়া ছোট সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৫টিরও বেশি মামলা রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৯ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় মো. আনিস (৩৮) ও মাসুদ কায়সারকে (৩২)। অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও মাসুদ। নাহার গার্ডেন রেস্তোরাঁ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে।
আনিস ও মাসুদ স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁরা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকার বাসিন্দা।
এর আগে ১৩ এপ্রিল দুপুরে নগরের বাকলিয়া থানা এলাকার জোড়া খুনের মামলায় চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহীম খলিল সন্ত্রাসী সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া গত ৬ এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের আদালত চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী সাজ্জাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৬ মার্চ একই মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইএমই/আরবি
