চট্টগ্রামে ফিল্মি স্টাইলে জোড়া খুন—রিমান্ডে সন্ত্রাসী সাজ্জাদ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতির এবার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরের বাকলিয়া থানা এলাকার জোড়া খুনের মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। একইসঙ্গে তাকে ৮টি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেছেন পৃথক তিন আদালত।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহীম খলিল এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিকে সাজ্জাদকে কড়া পুলিশি নিরাপত্তায় আনা হয় চট্টগ্রাম আদালতে। এছাড়া আদালত প্রাঙ্গণেও ছিল জোরদার নিরাপত্তা।

এর আগে ৬ এপ্রিল দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের আদালত চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী সাজ্জাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া ১৬ মার্চ একই মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ৭ দিনের রিমান্ডে

আদালত সূত্রে জানা যায়, আজ হাটহাজারী থানার দুটি মামলায় সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালত তা মঞ্জুর করেন। এছাড়া পুলিশের আবেদনে নগরের চান্দগাঁও থানার পাঁচটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালত এবং বায়েজিদ থানার একটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন বলেন, বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পুলিশ সাজ্জাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে করলে আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া চান্দগাঁও এবং বায়েজিদ থানার ৬টি মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

এদিকে চট্টগ্রামে জোড়া খুনের মামলায় ৬ এপ্রিল চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ায়ের আদালত গ্রেপ্তার বেলাল (২৭) ও মানিকের (২৪) ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ৩০ মার্চ রাত পৌনে ৩টার দিকে নগরের বাকলিয়ার কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে বাকলিয়া এক্সেস রোড অভিমুখী চট্টমেট্রো-গ ১২-৯০৬৮ নম্বরের একটি রূপালী রঙের প্রাইভেট কারকে গুলি ছুড়তে ছুড়তে ধাওয়া করতে থাকে। ৪-৫টি মোটরসাইকেলে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে ছুড়তে প্রাইভেট কারটিকে ধাওয়া করে। একপর্যায়ে প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে প্রবেশ করে চকবাজার থানার চন্দনপুরা এলাকা পৌঁছানোর পর থেমে যায়। এসময় বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে বখতেয়ার হোসেন মানিক ও আব্দুল্লাহ নামে দুজন নিহত হন। রবিন ও হৃদয় নামে আরও দুজন আহত হন।

এ ঘটনায় গত ১ এপ্রিল সন্ধ্যায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাসহ ৭ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm