ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখন আতঙ্কের নাম বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। গত ২০ এপ্রিল বিএসআরএমের স্ক্র্যাপবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে উঠে উল্টে গেলে ঢাকামুখী লেনে প্রায় ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আর আজ (২৫ এপ্রিল) এক দিনেই নিয়ন্ত্রণ হারিয়েছে বিএসআরএমের দুটি স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক। এতে মুহূর্তেই লাশ হয়ে গেছে দুজন।
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ও কুমিরা এলাকার ঢাকামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে। এতে মিরসরাই উপজেলার মো. রাকিব (১৭) ও কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সরোয়ার আলম (৩৭) নিহত হন। এসব ঘটনায় গুরুতর আহত হন ড্রাম ট্রাকের দুচালক।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাকিব একটি লরির হেলপার। সকালে লরিটি মহাসড়কের পাশে থামিয়ে একটি চায়ের দোকানে নাস্তা করতে নামেন। এ সময় বিএসআরএমের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। গুরুতর আহত হন বিএসআরএমের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকে থাকা চালক। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে সরোয়ার আলম নামের ইউরোটেক্সের এক কর্মচারী সারওয়ার আলম ঢাকামুখী লেনে রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সারওয়ার আলমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকে থাকা চালকও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এর আগে গত ২০ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার উত্তর বাইপাসে ঢাকামুখি লেনে বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে ঢাকামুখী লেনে প্রায় ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। যার কারণে চট্টগ্রামমুখী লেনের উল্টোপথে ঢাকামুখী লেনের গাড়িগুলো চলাচল করে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে বিএসআরএমের স্ক্র্যাপবাহী বিভিন্ন ধরনের যান চলাচল করার কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
যোগাযোগ করা হলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন বলেন, পৃথক সময়ে বিএসআরএমের দুটি স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছে। এসব ঘটনায় আরও দুজন আহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএমই/আলোকিত চট্টগ্রাম
