কক্সবাজারের চকরিয়া থেকে ডাকাতির উদ্দেশ্যে আসা মো. সোহেল (৪২) নামে এক ডাকাতকে অস্ত্র-গুলিসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশি কাটা রাইফেল, সাত রাউন্ড গুলি, একটি ছুরি, একটি কালো রঙের টুপি ও একটি মোবাইল জব্দ করা হয়।
আটক সোহেল চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়াপাড়া বহদ্দারকাটার মৃত নুরুল আমিনের ছেলে।
আরও পড়ুন : অস্ত্র-গুলি নিয়ে ২ ডাকাত ধরা খেল ডুলাহাজারায়
পুলিশ জানায়, কক্সবাজারের চকরিয়া থেকে সোহেল নামের এক ডাকাত অস্ত্রসহ ডাকাতি করতে লোহাগাড়ার ঠাকুরদীঘি এলাকায় যাওয়ার খবরে চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস থামানো হয়। গাড়ি থামার পর প্রস্রাবের ভান করে গাড়ি থেকে নেমে সোহেল একটি চটের ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় হাতে থাকা ব্যাগ থেকে গামছা মোড়ানো অবস্থায় দেশি কাটা রাইফেল, সাত রাউন্ড রাইফেলের গুলি, একটি ছুরি, একটি কালো রঙের টুপি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি করার উদ্দেশে অস্ত্র রেখেছিল বলে স্বীকার করে সোহেল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, অস্ত্র-গুলিসহ আটক সোহেলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলার পর আজ তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
এসএস/আরবি


