চট্টগ্রামে ভোজ্যতেল নিয়ে কারসাজি চলছেই। কাটেনি বাজারে তেলের সংকট। দোকানিরা সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি করছেন তেল। এবার গুদামে তেল মজুদ রাখা, বেশি দামে তেল বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ মার্চ) সকালে নগরের পাহাড়তলী বাজারে নিয়মিত বাজার তদারকির সময় এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
আরও পড়ুন : সয়াবিন তেল বাসায়-গুদামে আছে, দোকানে নেই
জানা যায়, পাহাড়তলী বাজারে ইকরাই স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুদ রাখা, অননুমোদিত কেমিক্যাল ও রঙ বিক্রির অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিন্ন অপরাধে কায়সার অ্যান্ড ব্রাদার্সকে করা হয় ৩০ হাজার টাকা জরিমানা।
এছাড়া একই অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের বেশি দরে সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স ইকরা অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, পাহাড়তলীতে তেল নিয়ে কারসাজিসহ বিভিন্ন অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেজে/আরবি
