দুদকের চাকরি ফিরে পেতে প্রধান উপদেষ্টাকে শরীফের চিঠি

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিন চাকরি পুনর্বহালের আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টা কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে শরীফ উদ্দিন উল্লেখ করেন, ২০১৪ সালের ১২ অক্টোবর থেকে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময়কালে তিনি দুর্নীতির বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা ও ২০টির বেশি চার্জশিট দাখিল করেছেন।

কক্সবাজারে ভূমি অধিগ্রহণে সাড়ে ৩ লাখ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান এবং রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির ঘটনায় মামলাও করেছেন। এছাড়া পেট্রোবাংলার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দুর্নীতি ও চট্টগ্রামের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি বারবার হুমকি ও হয়রানির শিকার হন।

আরও পড়ুন : চট্টগ্রাম কাঁপানো সেই দুদক কর্তার ‘বদলির আদেশ’ মুলতবি করেছেন হাইকোর্ট

চিঠিতে আরও বলা হয়, এসব তদন্ত ও মামলা পরিচালনার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা তিনি চাপের সম্মুখীন হন। এমনকি তার বাসায় হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে চাকরিচ্যুত করা হয়।

শরীফ উদ্দিন দাবি করেন, তার চাকরিচ্যুতির আদেশ বেআইনি ছিল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার চাকরিচ্যুতির বিরুদ্ধে রুল জারি করে এবং তাকে পুনর্বহালের নির্দেশনা দেয়। কিন্তু দুদক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

চিঠিতে শরীফ অভিযোগ করে লিখেন, দুর্নীতি দমন কমিশন তার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে। তিনি চাকরিতে পুনর্বহাল এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করার সুযোগ চেয়েছেন।

শরীফ উদ্দিন দীর্ঘ সাত বছর চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারে ভূমি অধিগ্রহণ দুর্নীতি, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি এবং কর্ণফুলী গ্যাসে দুর্নীতির তদন্ত করেন। এসব কার্যক্রম তাঁকে সমালোচনার কেন্দ্রে নিয়ে আসে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। চাকরি ফিরে পেতে আপিল এবং রিট করেন শরীফ। তবে তাঁর আবেদনের এখনও কোনো সুরাহা হয়নি।

বর্তমানে তিনি একটি ওষুধ কোম্পানিতে হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং পদে দায়িত্ব পালন করছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করার দৃঢ় প্রত্যয় পুর্নব্যক্ত করেছেন সম্প্রতি তাঁর দেওয়া চিঠিতে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm