ইচ্ছেমতো দামে পণ্য বেচে ফুলকলি, কেক-মিষ্টির মেয়াদ নেই

কেক-মিষ্টির মেয়াদ নেই। অননুমোদিত বিভিন্ন পানীয়ও রাখা হয়েছে বিক্রির জন্য। আবার অনেক পণ্য বিক্রি করছিল ইচ্ছেমতো দামে। এ চিত্র ফুলকলির শোরুমের।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নগরের চান্দগাঁও থানার কামাল বাজার এলাকার কবির টাওয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এমন চিত্র। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, আনিছুর রহমান ও রানা দেবনাথ।

জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টি , অনঅনুমোদিত পানীয় সংরক্ষণ এবং নিজেদের ইচ্ছেমত বিভিন্ন পণ্যে মূল্য লিখে বিক্রির অরপাধে ফুলকলিকে ১২ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : বনফুল—ফুলকলির মিষ্টি খাবার যেন পোকার বাসা

এদিকে কাপ্তাই রাস্তার মোড় এলাকায়ও চালানো হয় অভিযান। এ সময় মূল্যতালিকা না থাকায় ফেনী বাণিজ্যালয় ও মেসার্স বিসমিল্লাহ স্টোর নামের দুটি আলুর আড়তকে জরিমানা করা হয়। ফেনী বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ স্টোরকে জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, চান্দগাঁওয়ে ফুলকলির শোরুমে তদারকির কার্যক্রম পরিচালনার সময় বেশকিছু অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাপ্তাই রাস্তার মোড় এলাকার দুটি আলুর আড়তে মূল্যতালিকা না রাখায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর সকালে নগরের আগ্রাবাদ এলাকায় ফুলকলির শোরুমে পণ্যের মোড়কবিধি অনুসরণ না করা, প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করা এবং মিষ্টান্ন জাতীয় খাবারে পোকা থাকায় ৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm