চট্টগ্রামে দিনদুপুরে টাকা লুট, ধরা খেল সেই ‘মনছুর ডাকাত’

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে ডিমের আড়তে দিনদুপুরে গুলি করে টাকা লুটের মূলহোতা, খুন-চাঁদাবাজি-ডাকাতিসহ ১৬ মামলার আসামি মনছুর আহমদ প্রকাশ মনছুর ডাকাত ধরা পড়েছে।

রোববার (১০ নভেম্বর) রাতে বরুগুনা জেলা থেকে মনছুর ডাকাতকে গ্রেপ্তার করে খুলশি থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

আরও পড়ুন : এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওরা

তিনি বলেন, গত ২৩ আগস্ট দিবাগত রাতে পাহাড়তলী বাজারের একটি ডিমের আড়তের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে গ্রেপ্তার মনসুরের সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃশ্য ধরা পড়ে। এসময় আড়তে অস্ত্র নিয়ে ঢুকেন মনসুরসহ তার তিন সহযোগী। এরপর তারা দোকানের ক্যাশ থেকে নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরির চেষ্টা করে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে ডিমের আড়ত রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাসুদ রানা খুনের মামলার আসামি এই মনসুর। টাকা লুট করতে বাধা দেওয়ায় খুন করা হয়েছিল মাসুদ রানাকে। এ ঘটনার পর অস্ত্র-গুলিসহ মনসুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে মাসুদ হত্যা মামলাটি আদালতে বিচারাধীন। এছাড়া জিজ্ঞাসাবাদে মনসুর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগর এলাকায় তিনি ভাড়ায় নিয়োজিত হয়ে ছাত্র-জনতার ওপর হামলা করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বরগুনা থেকে সন্ত্রাসী মনসুরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। মনসুর পাহাড়তলী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm