চট্টগ্রামে খাল—পাহাড়ে অভিযান

চট্টগ্রাম নগরের কালীর ছড়া খালে অবৈধ দখলদার ও পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ সকাল ১০টা থেকে চট্টগ্রাম মেট্রোপালটন পুলিশ (সিএমপি), চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ওয়াসা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : চট্টগ্রামে ৩ স্পটে অভিযান—কারো কারচুপি সবিজতেও, কারো ওষুধে

এক সপ্তাহ আগে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভায় অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের পাশাপাশি আকবরশাহ এলাকার সুপারিবাগান, লেকসিটি ও কালিরছড়া খাল এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তর বাস্তবায়ন করতে প্রথম দিনের অভিযানে আকবরশাহ থানা এলাকার হারবাতলী থেকে উজানের দিকে কালীর ছড়া খালের প্রায় এক কিলোমিটার অংশ অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ খালের পাড় ধরে গড়ে উঠেছিল অবৈধ দখলদারদের ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতি। এসময় প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ডেইরি ফার্ম, গুদামঘর, আবাসিক প্লটের সীমানা দেয়াল, দোকানসহ বিভিন্ন ধরনের পাকা স্থাপনা।

এদিকে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসন জানায়, পাহাড়, টিলা, নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে অভিযান চলমান থাকবে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm