লোহাগাড়ায় ট্রাক চালকের ভুলে চাপা পড়ে মো. সোহেল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল চকরিয়া উপজেলার উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলীপাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে। এক মাসে আগে মারা যান সোহেলের বাবা।
আরও পড়ুন : মর্মান্তিক—বাবার শ্মশান থেকে ফেরার পথেই গাড়িচাপায় ৪ ছেলে নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্দের চালভর্তি একটি ট্রাক আসে। চালের বস্তা নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। এসময় ট্রাকটি পেছনে নেওয়ার সময় হঠাৎ ট্রাকের পেছনের অংশে একটি পিলারের সঙ্গে চাপা পড়েন সোহেল। ঘটনার পর গাড়ি চালক কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, ইউনিয়ন পরিষদ চত্বরে আসা ট্রাকটি পেছনে নেওয়ার সময় সোহেল নামে এক শ্রমিক গাড়ির পেছনে একটি পিলারের সঙ্গে চাপা পড়েন। পরে তাকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাদিকুল আলম বলেন, হাসপাতালে আনার আগে সোহেল নামে একজন মারা যান।
যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/আরবি


