মর্মান্তিক দুর্ঘটনায় রক্তের বন্যায় ভেসে গেছে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট। মৃত বাবার ক্ষৌরকর্ম করতে গিয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় মুহূর্তেই লাশ হয়ে গেছে একই পরিবারের ৪ ভাই। রক্তাক্ত হয়েছেন আরও তিন ভাই ও এক বোন।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের একটু আগে হাসিনাপাড়ার রাস্তা মাথায় ভয়াবহ এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : ‘মর্মান্তিক’౼শাটল ট্রেনের নিচে দুই পা রেখে যু্বককে নিয়ে যাওয়া হলো হাসপাতালে
নিহতরা হলেন- মৃত সরোজ সুশীলের ছেলে অনুপম সুশীল (৪৫), নিরুপম সুশীল (৩৮), দিপক সুশীল (৩৬) ও চম্পক সুশীল (৩৬)।
আহতরা হলেন- স্মরণ সুশীল (২৮), রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) ও মেয়ে হীরা সুশীল (২৭)। তাঁরা সবাই মালুমঘাট হাসিনাপাড়ার বাসিন্দা
এর মধ্যে স্মরণ সুশীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিক ডা. সুমন নাথ।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর আলোকিত চট্টগ্রাম বলেন, গত ১০ দিন আগে নিহত ও আহতদের বাবা সরোজ সুশীল মারা করেন। আজ মঙ্গলবার ছিল তাদের বাবা সরোজ সুশীলের ক্ষৌরকর্ম এবং আগামীকাল বুধবার শ্রদ্ধানুষ্ঠান। ধর্মীয় রীতি অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টার দিকে তারা সাত ভাই ও এক বোন ক্ষৌরকর্ম করতে হাসিনাপাড়ার রাস্তার মাথায় যান। ওখানে ক্ষৌরকর্ম অনুষ্ঠান শেষ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি দ্রুতগামী পিকআপ (মিনি ট্রাক) এসে তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে চার ভাই নিহত হন। অন্য চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে স্মরণ সুশীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : রক্তাক্ত সাতকানিয়া—বাজালিয়া ও নলুয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ২
চেয়ারম্যান আরও বলেন, নিহত ৪ ভাইয়ের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ শাফায়েত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, পিকআপ চাপায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ এবং চালককে আটকের করার চেষ্টা চলছে।


